ভ্যাট (মূল্য সংযোজন কর) আদায়ে শৃঙ্খলা আনতে সরকার ২০১৯ সালের জুলাই থেকে বহুল আলোচিত নতুন ভ্যাট আইন কার্যকর করেছে। প্রায় দেড় বছর পার হলেও ভ্যাট আদায় ব্যবস্থায় প্রত্যাশিত শৃঙ্খলা আসেনি। এখনো আদায় কার্যক্রম পুরোপুরি অনলাইনভিত্তিক করা যায়নি। অনলাইনে নিবন্ধন নিলেও অনেক প্রতিষ্ঠান ভ্যাট দিচ্ছে আগের পদ্ধতিতে।
ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রিতে স্বচ্ছতা আনতে দুই বছর ধরে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি ব্যবহারের কথা থাকলেও মাত্র শ খানেক প্রতিষ্ঠানে এটি ব্যবহার হচ্ছে। আইনের জটিলতায় বড় বড় প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল অঙ্কের ভ্যাট আদায় অনিশ্চিত। অন্যদিকে দেশে অন্তত ৫ লাখ প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধনের আওতায় আসার সামর্থ্য থাকলেও ভ্যাট নিবন্ধন নিয়েছে সোয়া ২ লাখের মতো প্রতিষ্ঠান। এর মধ্যে অর্ধেকও রিটার্ন জমা দিচ্ছে না। ফলে আদায়েও কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। এ অবস্থায় প্রতি বছর সরকারের দেওয়া বিপুল অঙ্কের ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে সহজে আদায়যোগ্য খাতকেই বেছে নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যার বড় উদাহরণ বছর বছর মোবাইল ফোন গ্রাহকের ওপর বাড়তি কর (সম্পূরক শুল্ক) চাপানো। আবার অনেকে দেনদরবার করে ভোক্তাকে দেখিয়ে সরকারের কাছ থেকে বিপুল ভ্যাট ছাড় নিচ্ছেন, কিন্তু এর সুবিধা যাচ্ছে না ভোক্তার কাছে। এরও তদারকি নেই। আবার মাঠ পর্যায়ে ব্যবসায়ীরাও হয়রানির অভিযোগ করছেন। অভিযোগ আসছে ছোট পুঁজির ব্যবসায়ীদের কাছ থেকেও।
পরিস্থিতিকে আরো জটিল করেছে গত মার্চ থেকে শুরু হওয়া করোনা ভাইরাস। এর ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমদানি-রপ্তানিসহ স্থানীয় ব্যবসা। অপেক্ষাকৃত ছোট ব্যবসায়ীদের অভিযোগ, পুঁজি হারানোর এমন পরিস্থিতির মধ্যেও ভ্যাট অফিসারদের চাপ বাড়ছে। আবার আমদানি পর্যায়ে অগ্রিম পরিশোধ করা ভ্যাট (অ্যাডভান্স ট্যাক্স বা এটি) পরবর্তীতে ফেরত পাওয়ার কথা থাকলেও তা পাওয়া যাচ্ছে না।
অন্যদিকে এনবিআর বলছে, বিক্রির ওপর প্রকৃত ভ্যাট সরকারের ঘরে আসছে না। অর্থাত্ নতুন আইন বাস্তবায়ন শুরু হওয়ার পরও পালটাপালটি অভিযোগ রয়ে গেছে। এমন বাস্তবতায় আজ দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় ভ্যাট দিবস। ভ্যাট বিষয়ে ক্রেতা-বিক্রেতাকে সচেতন করতে ২০১১ সাল থেকে সরকার জাতীয়ভাবে এ দিবসটি পালন করে আসছে।
গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর ইত্তেফাককে বলেন, বিশৃঙ্খলা আরো বেড়েছে। আমরা ভ্যাট আদায় ব্যবস্থাপনায় সফল তো হইইনি বরং পিছিয়ে পড়ছি। বহুল কাঙ্ক্ষিত অটোমেশনও হয়নি।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন ইত্তেফাককে বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর হয়রানি বেড়েছে। যেখান থেকে বিপুল ভ্যাট আদায় হয়, সেখানে হাত না দিয়ে এনবিআর ক্ষুদ্র ব্যবসায়ীদের আগে অটোমেশনের আওতায় আনতে চায়। এনবিআরকে আরো মানবিক হওয়া দরকার।
করোনা পরিস্থিতি বিবেচনায় এবার জাতীয় ভ্যাট দিবসের অনুষ্ঠান ছোট পরিসরে পালন করা হচ্ছে। দেশব্যাপী এবার ১৪০ ব্যবসা প্রতিষ্ঠানকে শীর্ষ ভ্যাট প্রদানকারীর পুরস্কার দেওয়া হচ্ছে। এর মধ্যে আজ এনবিআরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে জাতীয়ভাবে ৯ শীর্ষ ভ্যাট প্রদানকারীকে সম্মাননা দেওয়া হবে। এতে অর্থমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। এবার ভ্যাট দিবসের প্রতিপাদ্য হলো ‘মুজিববর্ষের অঙ্গীকার, ইএফডিতে এনবিআর’।