গোপালগঞ্জে ছাত্রলীগের দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে  ফেসবুকে বিরূপ মন্তব্য করায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক মাসুম শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মিলন মোল্লা ও স্কুলবিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম রুহুল দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তাদের ছাত্রলীগ থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে  ফেসবুকে বিরূপ মন্তব্য করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।