দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করুন

হাইকোর্ট বলেছে, শুধু দুর্নীতিবিরোধী দিবস পালন করলেই হবে না, দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। সাড়ে ৩ হাজার কোটি টাকা পাচারের সঙ্গে জড়িত প্রশান্ত কুমার হালদারের (পি কে) মামলার শুনানিকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার দুদক কৌঁসুলির উদ্দেশে এই মন্তব্য করে। এ পর্যায়ে দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, পি কে হালদারসহ দুর্নীতিবাজ ও অর্থপাচারকারীদের বিরুদ্ধে উচ্চ আদালত থেকে যেসব নির্দেশনা দেওয়া হচ্ছে তা আমাদের জন্য অক্সিজেন হিসেবে কাজ করছে। আমরা বসে নেই। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কমিশন।

এদিকে পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে দুদকের নেওয়া পদক্ষেপের সর্বশেষ অগ্রগতির প্রতিবেদন ৩ জানুয়ারি আদালতে দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল দুদকের পক্ষ থেকে জানানো হয়, পি কে হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইন্টারপোলকে বলা হয়েছে। এরপরই হাইকোর্ট পরবর্তী সময়ের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য দুদককে নির্দেশ দেয়।