করোনার দ্বিতীয় ঢেউয়ে বাণিজ্য আরো কমে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ। এই চ্যালেঞ্জ আন্তর্জাতিকভাবে মোকাবিলা করা উচিত বলে মন্তব্য করেন তিনি। গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ফিনল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য ও করোনাপরবর্তী সময়ের সম্ভাবনা নিয়ে ঐ অনুষ্ঠান আয়োজন করে যৌথভাবে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারর্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও ফিনিশ চেম্বার অব কমার্স (ফিনচ্যাম)।
এ সময় বাণিজ্যমন্ত্রী ফিনল্যান্ডে বাংলাদেশের রপ্তানি আরো বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্ভাবনার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ছাড়াও ফিনল্যান্ডের ডেভেলপমেন্ট কোঅপারেশন অ্যান্ড ফরেন ট্রেড-বিষয়ক মন্ত্রী ভিলে স্কিনারি, ফিনচ্যামের প্রেসিডেন্ট ও সিইও জুহো রমাকামেময়ি, এফবিসিসিআইয়ের উপদেষ্টা সোনিয়া বশির কবির, অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।