বিএনপির নানা অভিযোগের মধ্যে স্থানীয় সরকারের প্রায় শত প্রতিষ্ঠানে আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন জানিয়েছে, পাঁচ পৌরসভা, তিন ইউপিতে সাধারণ নির্বাচন এবং ৬৮ ইউপি, চার জেলা পরিষদ, দুই পৌরসভা ও ১০ উপজেলায় উপনির্বাচন হবে আজ। নির্বাচন কমিশন এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোটগ্রহণের প্রস্তুতি নিয়েছে। নির্বাচনী মালামাল পৌঁছেছে ভোটকেন্দ্রে। এরমধ্যে জেলা পরিষদের ভোটগ্রহণ হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত; পৌরসভার ভোটগ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ হবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
এদিকে নির্বাচনি মালামাল, ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভোটকেন্দ্রে পাঠানো সম্ভব না হওয়ায় রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউপির সাধারণ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। গতকাল নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই নির্বাচন স্থগিত করা হয় বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব মো. আলমগীর। এছাড়া বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নবগঠিত দক্ষিণ উলানিয়া ও উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনও স্থগিত করেছে নির্বাচন কমিশন।
ইসি জানিয়েছে, পাঁচ পৌরসভায় সাধারণ নির্বাচন হবে আজ। সেগুলো হলো—ফরিদপুরের ফরিদপুর পৌরসভা; মধুখালী পৌরসভা; মাদারীপুরের রাজৈর পৌরসভা; ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা ও গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা। এর মধ্যে বাঞ্ছারামপুরে মেয়র পদে একক প্রার্থী থাকায়, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া বাকি চার পৌরসভায় মেয়র প্রার্থী রয়েছেন ১৯ জন এবং কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ৩৭৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ১০৭ জন। এছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ৬ নম্বর সাধারণ ওয়ার্ড ও জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার ১ নম্বর সাধারণ ওয়ার্ডে উপনির্বাচনও হবে আজ। এই দুই ওয়ার্ডে প্রার্থী রয়েছেন পাঁচ জন।
১০ উপজেলায় উপনির্বাচন :বগুড়ার শেরপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে; নওগাঁর রাণীনগরে চেয়ারম্যান; পাবনার বেড়া ও ঈশ্বরদীতে চেয়ারম্যান পদে; সাতক্ষীরার দেবহাটায় চেয়ারম্যান; যশোরের বাঘারপাড়ায় চেয়ারম্যান ও সদরে মহিলা ভাইস চেয়ারম্যান এবং রাজবাড়ীর গোয়ালন্দতে চেয়ারম্যান; নোয়াখালীর বেগমগঞ্জে চেয়ারম্যান ও কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে আজ।
তিন ইউপিতে সাধারণ নির্বাচন :কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙা; বন্দবেড়; চর শৌলমারীতে ভোট হবে আজ।
এছাড়া ৬৮ ইউপির বিভিন্ন পদে আজ উপনির্বাচন হবে বলে জানিয়েছে ইসি।
চার জেলা পরিষদে ভোট : ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান পদে; চুয়াডাঙ্গায় ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদে; চাঁপাইনবাবগঞ্জে ২ নম্বর ওয়ার্ডে ও টাঙ্গাইলে ১০ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন আজ।
এদিকে গত মঙ্গলবার এসব নির্বাচনের কোথাও কোথাও তাদের প্রার্থীদের বাধা, প্রতিবন্ধকতা সৃষ্টি, হামলা, মামলা ও পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে বলে ইসিতে অভিযোগ জানিয়েছে বিএনপি।