কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকিদাতারা চিহ্নিত। এরা সব সময় বাংলাদেশের বিপক্ষে থাকে। গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত, জঙ্গি-রাজাকারের ভাড়াটে হিসেবে ভাস্কর্যের বিপক্ষে হুংকার দিচ্ছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মধ্য দিয়ে এসব রাজনৈতিক মোল্লারা বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা, সংবিধান ও দেশের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিয়েছে। এ সমস্ত ঘৃণ্য অপরাধ রাষ্ট্রদ্রোহিতার শামিল। এদের প্রত্যেককে আইনের আওতায় এনে কঠোর সাজা দিতে হবে। তাদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। বিএনপির নীরবতা নিয়ে হাসানুল হক ইনু বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের মতো ঘৃণ্য অপরাধে সারা দেশ যখন ক্ষুব্ধ তখনো বিএনপির নীরবতা কার্যত ভাস্কর্য ভাঙার পক্ষেই উসকানি।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া পৌরসভার ‘বিজয় উল্লাস’ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় এবং শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু ভাস্কর্য চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন হাসানুল হক ইনু। পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত ও স্থানীয় জাসদ নেতাকর্মীদের সঙ্গে ইনু ক্ষতিগ্রস্ত ভাস্কর্য পরিদর্শন করেন।