ক্র্যাচ

হেঁটে হেঁটে একদিন তুমি আমার ক্র্যাচ হয়ে গেলে

বাঁ পা সামনে চলতেই ডান পা-কে আগলে রেখে

সমস্ত ভার সয়ে নিলে নীরবে এক অন্ধ মোহে।

মাতাল জোছনায় নিয়ে গেলে বালিয়াড়ি বনে

লজ্জার বোতাম খুলে দেখালে অদ্ভুত সুন্দর।

এভাবে যেতে যেতে নিজেকে পাল্টিয়ে মাচা হয়ে গেলে

আমিও পুঁই গাছের মতো বিস্তৃত হলাম নির্ভয়ে

হঠাত্ একদিন আমার গ্লুকোমিক চোখের চশমা হয়ে গেলে

আমিও বিস্ময়ে দেখলাম ভালোবাসার বর্ণমালা, রঙের উত্সব।

 

তবে কি পা চলে গেলে ক্র্যাচ পড়ে থাকে চলার পথে,

নাকি চলার পথ বন্ধ হয় ক্র্যাচ ভেঙে গেলে?