ইরি-বোরোর বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক
বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা বদলগাছীতে চলতি ইরি-বোরো মৌসুমে বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। স্থানীয় কৃষক আশাফুল, শফিকুল, সালাম ও শহিদুল বলেন, এক-দুই সপ্তাহের মধ্যে বীজতলা তৈরির কাজ শেষ হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান আলী জানান, এবার ইরি-বোরো মৌসুমে সরকারি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ হাজার ৮৬ হেক্টর জমিতে। তিনি আরো বলেন—২৮, ২৯, ৫১ ও ৪৯ হাইব্রিড জাতের ধান চাষ বেশি নির্ধারণ করা হয়েছে। এতে কৃষকরা লাভবান হবে।
পাকুন্দিয়ায় পাঁচ জনকে জয়িতা সংবর্ধনা
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন অনুষ্ঠানে বুধবার বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচ জন নারীকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা পান জান্নাতুল ফেরদৌস পান্না, খালেদা আক্তার, আল্পনা বেগম, নিলুফা আক্তার, শারমিন সুলতানা। এর আগে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মহিলাবিষয়ক দপ্তর। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুত্ফুর রহমান। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা স্বপন দত্ত, উপজেলা একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা খাতুন প্রমুখ।
চরভদ্রাসনে ২০ হাজার শিশু পাবে হাম-রুবেলার টিকা
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা উপজেলায় আগামী ১২ ডিসেম্বর শুরু হবে হাম রুবেলার টিকা প্রদান ক্যাম্পেইন। চলবে ২৪ জানুয়ারি ২০২১ পর্যন্ত। এ সময় উপজেলায় ২০ হাজার শিশুকে হাম রুবেলার টিকা দেওয়া হবে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অবহিতকরণ সভায় উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. হাফিজুর রহমান এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমদাদুল হক তালুকদার প্রমুখ।
বিশ্ব মানবাধিকার দিবস পালিত
চাটমোহর (পাবনা) সংবাদদাতা বেসরকারি উন্নয়ন সংস্থা এলডিওর আয়োজনে চাটমোহরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এর সহযোগিতায় এলডিও হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এলডিওর নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জু। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আঃ হামিদ মাস্টার।
বিজয় দিবস উদ্যাপনের প্রস্তুতিমূলক সভা
মনপুরা (ভোলা) সংবাদদাতা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদ্যাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মিয়ার সঞ্চালনায় সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ. লীগ সভাপতি মিসেস শেলিনা আকতার চৌধুরী।
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন
নড়াইল প্রতিনিধি আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনের সড়কে হিউম্যান রাইট্স ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ) নড়াইল জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হিউম্যান রাইট্স ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ) নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, সদস্য আবদুস সাত্তার প্রমুখ।
তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউএনও মোসা. রাশেদা আক্তারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ওসি সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন প্রমুখ।