এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) প্রত্যন্ত অঞ্চলের কটেজ, অতিক্ষুদ্র, ক্ষুদ্রশিল্প ও কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে সেবা প্রদান করছে। ইতিমধ্যে প্রত্যন্ত অঞ্চলে সেবা পৌঁছাতে প্রথাগত শাখানির্ভর ব্যাংকিং ধারণা থেকে বের হয়ে প্রযুক্তিনির্ভর উপশাখা সেবা চালু করেছে। ব্যাংকটির মূল লক্ষ্য অফলাইন থেকে সম্পূর্ণ ডিজিটালাইজড অনলাইন সেবা চালু করা। যাতে উন্নত দেশের ব্যাংকিংয়ের মতো মানুষ সেবা পায়। এতে ব্যাংকের করপোরেট সুশাসন ও কমপ্লায়েন্স নিশ্চিত করা সহজ হবে। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাংকের পক্ষ থেকে এসব কথা বলা হয়। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ এম সাইদুর রহমান, উদ্যোক্তা মোহাম্মদ আলী চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেন, অতিরিক্তি ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা, আন্তর্জাতিক বিভাগের প্রধান কবীর আহমেদ ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হারুনুর রশিদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, ব্যাংকটির মূল লক্ষ্য মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে সেবা প্রদান করা। ইতিমধ্যে সারা দেশে ৩৬৭টি উপশাখা চালু করা হয়েছে, যার ৯০ শতাংশ গ্রামে অবস্থিত। গরিব মানুষের সহযোগিতায় ক্ষুদ্রঋণ দেওয়া হচ্ছে। পারভেজ তমাল বলেন, দীর্ঘ এক যুগ পর প্রথম কোনো ব্যাংক পুঁজিবাজারে আসতে যাচ্ছে। আমরা বিনিয়োগকারীদের ১০ টাকা মূল্যমানে শেয়ার দিচ্ছি; কিন্তু বাস্তবে প্রতিটি শেয়ারের বাজারমূল্য হবে প্রায় ১৫-১৬ টাকা। ফলে পুঁজিবাজারেও আমরা সফল হব। চতুর্থ প্রজন্মের অন্যান্য ব্যাংকও চাইলে এভাবে পুঁজিবাজারে আসতে পারে।