করোনা মোকাবিলায় দুস্থ শ্রমিকরা মাসে ৩ হাজার টাকা সহায়তা পাবে

কোভিড-১৯ মোকাবিলায় রপ্তানিমুখী শিল্পের দুস্থ শ্রমিকরা তিন মাস ৩ হাজার টাকা হারে আর্থিক সহায়তা পাবেন। অনুদানের অর্থ সরাসরি দুস্থ শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রপ্তানিমুখী তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকাশিল্পের কর্মহীন হয়ে পড়া ও দুস্থ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় এ সহায়তা দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর স্বাক্ষরিত চুক্তিটি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির কাছে অনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব বেগম ফাতিমা ইয়াসমিন ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষে জেইন লুইস ভিলে একটিং ডাইরেক্টর ফর ডেভেলপমেন্ট কোডিন্যাশন চুক্তিটি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জানানো হয়, এই চুক্তির আওতায় মোট ১১ কোটি ৩০ লাখ ইউরো (১ হাজার ১৮৬ কোটি টাকা) অনুদান দেওয়া হবে। যার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন প্রদান করবে ৯ কোটি ৩০ লাখ ইউরো এবং জার্মান সরকার প্রদান করবে অবশিষ্ট ২ কোটি ইউরো। প্রস্তুতিমূলক কাজ শেষে চলমান ডিসেম্বর থেকেই অনুদান দেওয়ার কাজ শুরু হবে।