বাল্যবিবাহ রোধ ও মাতৃমৃত্যু হ্রাসে বিএপিপিডি সক্রিয় ভূমিকা রাখছে :স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসবের মাধ্যমে মাতৃমৃত্যু হার হ্রাস ও নারী-কন্যাশিশুদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ান্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট নির্বাচনি এলাকাভিত্তিক জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছে। বিএপিপিডির আওতাধীন বিভিন্ন সাবকমিটি ইউনিয়ন পর্যায় পর্যন্ত যোগাযোগ স্থাপন করেছে, যা কার্যকর পদক্ষেপ। এধারা অব্যাহত রাখার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে যেতে হবে। গতকাল সংসদ ভবনের শপথকক্ষে আয়োজিত বিএপিপিডির তৃতীয় সভায় বিএপিপিডির সভাপতি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এ কথা বলেন।

সভায় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, আ স ম ফিরোজ এমপি, শহীদুজ্জামান সরকার এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, আরমা দত্ত এমপি, হাবিবে মিল্লাত এমপি, শামসুল হক টুকু এমপি, আব্দুস শহীদ এমপি, ফখরুল ইমাম এমপি, বদরুদ্দোজা ফরহাদ হোসেন সংগ্রাম এমপি, আদিবা আঞ্জুম মিতা এমপি বক্তব্য রাখেন। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বাংলাদেশ প্রতিনিধি আশা টোর্কেলসনও এতে বক্তব্য রাখেন। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন।