রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু বালুর ড্রেজার পাইপ বিছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী, বড়ালু, পূর্বগ্রাম, ডাক্তারখালী, ভাওয়ালিয়াপাড়াসহ এলাকায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ নুসরাত জাহান এ অভিযানে নেতৃত্ব দেন। হাইকোর্টের নির্দেশকে অমান্য করে, না কিনেই জলাশয় ও কৃষিজমিতে অবৈধভাবে বালু ভরাট বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়। উল্লেখ্য, বুধবার উপজেলা ভূমি অফিসের সামনে কৃষিজমিতে অবৈধভাবে বালু ভরাট বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে ভূমিদস্যুদের নিয়োজিত সন্ত্রাসীরা হামলা চালায়। এতে ২০ জন কৃষক আহত হন। এ বিষয়ে দৈনিক ইত্তেফাকে গতকাল সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে কর্তৃপক্ষের নজরে আসে।