খাদ্যে বিষক্রিয়া :কুমিল্লায় ৪১ পুলিশ সদস্য অসুস্থ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ ছিল গতকাল বৃহস্পতিবার। তাই বুধবার দুপুর থেকেই উপজেলার আটটি ইউনিয়নের ৬৫টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য, চালক, আনসার সদস্যদের জন্য প্যাকেট খাবারের ব্যবস্থা করা হয়। কিন্তু ঐ খাবার খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। কেউ কেউ প্রাথমিক চিকিত্সা নিয়ে সুস্থ হলেও বুধবার রাতে অন্তত ৪১ জনকে ভর্তি করা হয় হাসপাতালে। পরে গভীর রাতে পুলিশ সুপারের নির্দেশে পুলিশ লাইন্স থেকে রিজার্ভ পুলিশ পাঠিয়ে বৃহস্পতিবার ভোট গ্রহণ সম্পন্ন করা হয়। এদিকে এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে ও জিজ্ঞাসাবাদের জন্য উপজেলা সদরের হোটেল ইত্যাদির           মালিক মনির হোসেনকে রাতেই আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোট গ্রহণ উপলক্ষ্যে দুই দিন আগেই ঐ হোটেলে ১ হাজার প্যাকেট খাবারের অর্ডার দেওয়া হয়। সকাল থেকেই এসব খাবারের প্যাকেট করে পরে দুপুরের দিকে পুলিশের নিকট সরবরাহ করা হয়। ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. নাজমুল হক বৃহস্পতিবার বিকালে জানান, ভোটের ফলাফল ঘোষণার পর রাতে হোটেল মালিককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।