যশোরের বাঘারপাড়া উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় খালেদুর রহমান টিটো (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথীর কর্মী ছিলেন। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে নির্বাচনি অবস্থা শান্তিপূর্ণ বলে পৃথকভাবে জানিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, বুধবার রাতে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) দিলু পাটোয়ারীর কর্মী সমর্থকরা জোহরপুর ইউনিয়নের বেতালপাড়া বাজারে নৌকা প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন টিটো। পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে ঢাকায় রেফার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় সকাল ৯টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এখনো কোনো মামলা না হলেও পুলিশ জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।