ছিনতাইকারী ধরে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের

আত্মীয়কে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন জিসান হাবিব (১৮) নামে এক তরুণ। ফেরার পথে বাসে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন। রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় বাসটি থেমে থাকার সময় জানালা দিয়ে তার ফোনটি ছিনিয়ে নেয় এক দুর্বৃত্ত। জিসান দ্রুত বাস থেকে নেমে ধাওয়া করে ছিনতাইকারীকে ধরে ফেলেন। তার সঙ্গে থাকা রুহুল আমিনও তাকে সহায়তা করেন। এ সময় ছিনতাইকারী দুইজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক জিসানকে মৃত ঘোষণা করেন। বুধবার রাতে ঘটে মর্মান্তিক এ ঘটনা।

নিহত জিসানের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বিহেরগাঁও গ্রামে। জিসান সেখানকার একটি স্কুল থেকে এ বছর এসএসসি পাশ করেন। তিনি স্থানীয় খলিলুর রহমান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়ছিলেন। দুই ভাই ও তিন বোনের মধ্যে জিসান তৃতীয়। তার বাবা আবুল বাশার সৌদিআরব প্রবাসী। ঘটনার সময় তার সঙ্গে      থাকা ১৭ বছর বয়সি রুহুল আমিন বর্তমানে চিকিত্সাধীন রয়েছে। সে ধামরাইয়ের ইসলামপুরের ইকরা মডেল হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র। তার বাড়ি ধামরাইয়ের পাঠানতলা এলাকায়। এ ঘটনায় নিহতের ফুফাত ভাই মো. সৈকত বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছেন। তবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা বলেন, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হচ্ছে। আশা করা যায়, দ্রুতই ছিনতাই-হত্যায় জড়িত দুর্বৃত্তকে গ্রেফতার করা সম্ভব হবে। এদিকে পুলিশের ঊর্ধ্বতন একটি সূত্র জানায়, ঘটনায় জড়িত সন্দেহে কয়েক জনকে আটকের পর জিজ্ঞাসাবাদ চলছে। সংশ্লিষ্টতা নিশ্চিত হলে তাদের গ্রেফতার দেখানো হবে।