বাদীকে বিয়ে করায় জামিন পেলেন আসামি

রাজশাহীতে ‘বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের’ অভিযোগে দায়ের করা মামলায় বাদীকে বিয়ে করে জামিন পেলেন আসামি দিলীপ খালকো। ঐ মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাকে এক বছরের জন্য জামিন দেন। আদালত বলেছে, জামিনে থাকাকালে ভিকটিমকে যথাযথ সম্মান দিতে হবে। শুধু জামিন পাওয়ার জন্যই যদি এই বিয়ে করে থাকেন তাহলে তাত্ক্ষণিক জামিন বাতিল হবে।

গত ৫ ডিসেম্বর রাজশাহীর জেলা কারাগারে দিলীপের সঙ্গে ঐ নারীর বিয়ে হয়। বিয়ের পর রাজশাহী কারা কর্তৃপক্ষ হাইকোর্টে প্রতিবেদন দেয়। এরপরই হাইকোর্ট এক বছরের জামিন মঞ্জুর করে। ২০১১ সালে ধর্ষণের ফলে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বর্তমানে সেই সন্তানের বয়স আট বছর।