আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, ভাস্কর্য নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাভাবিকভাবে দেশ চলছিল। হঠাত্ করে ভাস্কর্য নিয়ে একটা রাজনীতি শুরু হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে যে মূলনীতির ওপর বাংলাদেশের জন্ম হয়েছিল, বঙ্গবন্ধু হত্যার পর ক্ষমতায় এসে জিয়াউর রহমান এই রাষ্ট্রীয় মূলনীতিকে তছনছ করেছে। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনীতি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন ও জেলার মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
তোফায়েল আহমেদ বলেন, মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ায় তাদের জাতির পিতার ভাস্কর্য রয়েছে। আমাদের মহানবির জন্মস্থান সৌদি আরবে আছে মুষ্টিবদ্ধ হাত ও ঘোড়ার ছবি। ইরানে বিখ্যাত কবি ওমর খৈয়ম ও ফেরদৌসের ভাস্কর্য রয়েছে। ইরাকে আলিবাবা চল্লিশ চোরের বুদ্ধিমতী নারী মর্জিনার ভাস্কর্যও আছে। তিনি বলেন, ‘আজ যারা ভাস্কর্যবিরোধী বক্তব্য দিচ্ছেন, তারা সবাই পড়ালেখা জানা লোক। তাদের বলছি, পৃথিবীর বহু ইসলামিক রাষ্ট্রে ভাস্কর্য রয়েছে। তা দেখে আসুন, তারপর মন্তব্য করুন।’
জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন জেলা পুলিশ সুপার সরকার মো. কায়সার, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুল প্রমুখ। পরে দোয়া-মোনাজাত করা হয়।