বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলল সাত আন্তর্জাতিক সংগঠন

বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সাতটি মানবাধিকার সংগঠন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে সংগঠনগুলোর পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে মানবাধিকার সংরক্ষেণের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত একটি শক্ত অবস্থান নেওয়া। সংগঠনগুলো হলো—এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং ওয়ার্ল্ড অর্গানাইজেশন অ্যাগেইনস্ট টর্চার। যদিও এই বিবৃতির বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

নিউ ইয়র্ক থেকে গতকাল বৃহস্পতিবার পাঠানো ওই যৌথ বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ যখন করোনা মহামারির প্রভাব মোকাবিলা করছে, তখন ক্ষমতাসীন আওয়ামী লীগ এই পরিস্থিতিকে ব্যবহার করে সমালোচক এবং মুক্ত সংবাদমাধ্যমের ওপর কঠোর চাপ প্রয়োগ করছে, যা কর্তৃত্ববাদী শাসনকে আরো দৃঢ় করছে। সরকার ক্রমাগতভাবে ভিন্ন মতাবলম্বীদের দমনে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনসহ নানা ধরনের কঠোর আইনকানুন ব্যবহার করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরপূর্বক গুম, বিচারহীন খুন এবং হেফাজতে নিয়ে নির্যাতনের মতো অপরাধ করে থাকে। র?্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র?্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র থেকে যে দ্বিদলীয় চিঠি প্রকাশ করা হয়েছে তার প্রতি সমর্থন জানিয়ে বিবৃতিতে আরো বলা হয়, এই বাহিনীর বিরুদ্ধে চরম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। যুক্তরাজ্য, কানাডা, ইইউসহ অন্যান্য দেশকেও এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা উচিত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।