রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করলেও সম্প্রতি ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর এবং সরকারের ভবিষ্যত্ স্থানান্তর পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপ-মুখপাত্র কেইল ব্রাউন এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানিয়েছেন।

বিবৃতিতে জাতিসংঘের সঙ্গে একমত পোষণ করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রও চায় যেকোনো স্থানান্তর প্রক্রিয়া হবে পূর্ণ তথ্যের ভিত্তিতে স্বেচ্ছায় এবং কোনো ধরনের চাপ ও বলপ্রয়োগ ছাড়া। বাংলাদেশ বলেছে, রোহিঙ্গারা চাইলে আবারও আগের শিবিরে ফিরতে পারবে। যুক্তরাষ্ট্র আশা করে, বাংলাদেশ সরকার এই প্রতিশ্রুতি রক্ষা করবে এবং ভাসানচরে স্থানান্তরিত শরণার্থীদের মানবাধিকার রক্ষায় শ্রদ্ধাশীল হবে। ভাসানচরে পাঠানো রোহিঙ্গাদের জীবিকা ও মৌলিক সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সরকারের ভাসানচর প্রকল্প ঘোষণার সময় থেকে এই পরিকল্পনা সম্পর্কে সম্যক ধারণা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘ গঠনমূলক আলোচনার প্রস্তাব রেখেছে। জাতিসংঘের এই প্রস্তাব গ্রহণের জন্য যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়েছে। 

একই সঙ্গে রোহিঙ্গাদের স্বেচ্ছা ও টেকসই প্রত্যাবাসনের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রক্রিয়া নিয়ে অগ্রসর হতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।