যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও চীনের সঙ্গে ব্যবসা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক দিন ধরেই অভিযোগ করে আসছিলেন যে, হান্টার বাইডেন প্রভাব খাটিয়ে চীন ও ইউক্রেনে ব্যবসা করেছেন এবং আয়কর ফাঁকি দিয়েছেন। খবর ডয়চেভেলে ও সিএনএনের
বাইডেনের পুত্র হান্টার বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘আমি গতকাল জানলাম যে, মার্কিন অ্যাটর্নির অফিস আমার আয়কর নিয়ে তদন্ত শুরু করেছে। আমি এই ঘটনাটিকে খুবই গুরুত্ব দিচ্ছি। আমি আত্মবিশ্বাসী যে, এই ব্যাপারে পেশাদার ও বস্তুনিষ্ঠ পর্যালোচনা হবে।’ তার দাবি, ‘আয়করের বিষয়টি আমি আইনি পথে থেকে করেছি এবং ঠিকভাবে করেছি। পেশাদার কর পরামর্শদাতাদের কথা মেনেই করেছি।’ আর টিম বাইডেনের পক্ষে আরেকটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রেসিডেন্ট-ইলেক্ট তার ছেলেকে নিয়ে খুবই গর্বিত। গত কয়েক মাসে হান্টারের বিরুদ্ধে বিষাক্ত রাজনৈতিক আক্রমণ করা হয়েছে। কিন্তু তিনি সেই চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছেন। এই আক্রমণ তাকে আরো বলিষ্ঠ করেছে। অর্থাত্ নাম না করেই ট্রাম্পের দিকেই অভিযোগের আঙুল তোলা হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ট্রাম্প নিয়মিতভাবে বাইডেনের ছেলের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ করেছেন। তবে এই তদন্তের নির্দেশ বাইডেনের কাছে অস্বস্তির কারণ। তিনি এখন তার মন্ত্রীদের নাম ঘোষণা করছেন। কিছু দিনের মধ্যে পরবর্তী অ্যাটর্নি জেনারেলের নামও ঘোষণা করবেন। তখন তিনিই তদন্ত সামলাবেন। আগামী ২০ জানুয়ারি বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।