পুলিশের বরখাস্তকৃত ডিআইজি মিজানুর রহমান ও তার স্ত্রীসহ চার জনের বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতির মামলার বিচার ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মিজানের ভাগনে পুলিশের বরখাস্ত এসআই মাহমুদুল হাসানের জামিন শুনানিকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। একই সঙ্গে মাহমুদুলকে জামিন দিয়েছে আদালত। আদালতে দুদকের পক্ষে খুরশীদ আলম খান ও আসামির পক্ষে মোতাহার হোসেন সাজু শুনানি করেন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে ডিআইজি মিজানসহ চার জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মিজান ছাড়াও তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ভাই মাহবুবুর রহমান ও ভাগনে মাহমুদুল হাসানকে আসামি করা হয়। আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।