খালেদা জিয়া ও হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলা খারিজ

জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ভাস্কর্যবিরোধী প্রচারণায় উসকানি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে করা নালিশি মামলা খারিজ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার মামলা খারিজের আদেশ দেন।

আইনজীবীরা জানান, কীভাবে বাদী সংক্ষুব্ধ হলেন, তার কোনো ব্যাখ্যা আবেদনে নেই। মামলা গ্রহণ করার মতো কোনো উপাদান না থাকায় তা খারিজের আদেশ দেওয়া হয়।

খালেদা জিয়া ছাড়াও নালিশি মামলায় হেফাজতে ইসলামের আমির মাওলানা জুনায়েদ আহমেদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা সৈয়দ ফয়জুল করিমকেও আসামি করা হয়। জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বুধবার মামলাটি করেন।

মামুনুলের বিরুদ্ধে মামলা গ্রহণ করেনি ট্রাইব্যুনাল

মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা গ্রহণ করেনি আদালত। গতকাল ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে এ মামলার আবেদন করা হয়। আবেদনটি করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক। আদালত আবেদনের ওপর শুনানি শেষে থানায় যাওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে নথিও ফেরত দেয় আদালত।