মানবাধিকার নিশ্চিতে প্রয়োজন সুশাসন ও গণতন্ত্র

পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. খলীকুজ্জমান আহমদ বলেছেন, করোনা মহামারির সময়ে দেশে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে, যা নিরসনে সরকারের আরো জোরদার কর্মসূচি গ্রহণ করা দরকার। মানবাধিকার নিশ্চিতে প্রয়োজন সুশাসন ও গণতন্ত্র। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে তিনি সবার একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার ঢাকায় এনজিও ব্যুরো আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বেসরকারি গবেষণা সংগঠন ভয়েসের এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. রাশেদুল ইসলাম, মুক্ত প্রকাশের সেক্রেটারি সেলিম সামাদ, পেন ইন্টারনাশনাল বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ড. সৈয়দা আইরিন জামান, ব্র্যাক বিশ্ববিদালয়ের শিক্ষক সাইমুম রেজা তালুকদার, নারী অধিকার কর্মী মুশফিকা লাইজু প্রমুখ বক্তৃতা করেন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে অর্থনৈতিক উন্নয়নে অনেক অগ্রগতি হয়েছে। কিন্তু মানবাধিকার পরিস্থিতির সন্তোষজনক অগ্রগতি ঘটেনি। আন্তর্জাতিক সংগঠন ও বিভিন্ন দেশ একযোগে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের ওপর কাজ করতে হবে। সমাজ থেকে সব অনধিকার চর্চা, অন্যায় দূর করে সমধিকার স্থাপন করতে হবে। এতে আরো বক্তব্য রাখেন দলিত শ্রেণির প্রতিনিধি মনি রাণী দাস, নাগরিক উদ্যোগের নাদিরা পারভীন, সংগঠক বদরুল আলম প্রমুখ।