রবিবারের মধ্যে ইইউ-ব্রিটেন চূড়ান্ত বোঝাপড়ার আশা

ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের মধ্যে ভবিষ্যত্ সম্পর্ক নিয়ে বোঝাপড়া এখনো অধরা। গত বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েনের নৈশভোজেও মতপার্থক্য কাটানো সম্ভব হয়নি। তবে একেবারে শেষ মুহূর্তেও আশা ছাড়তে প্রস্তুত নয় দুই পক্ষ। তাই আগামী রবিবার পর্যন্ত আলোচনার লক্ষ্যমাত্রা স্থির করেছেন দুই নেতা। এই সময়কালের মধ্যে হয় বাণিজ্যচুক্তি সম্পর্কে বোঝাপড়া হবে অথবা ১ জানুয়ারি চুক্তি ছাড়াই স্থায়ীভাবে ইইউ ত্যাগ করবে ব্রিটেন। ফন ডেয়ার লাইয়েন সময় নষ্ট না করে অবিলম্বে আলোচনা শুরু করার প্রয়োজনীয়তার কথা বলেছেন। বরিস জনসন চুক্তির জন্য চেষ্টায় কোনো ত্রুটি না রাখার ওপর জোর দেন। তবে একাধিক ইইউ নেতা স্পষ্ট করে দিয়েছেন, যে ইইউ ত্যাগ করার পরেও সদস্য থাকার সুবিধা পেতে হলে ব্রিটেনকে কিছু শর্ত মেনে চলতে হবে। বুধবার বরিস বলেছিলেন, যে কোনো প্রধানমন্ত্রীর পক্ষে ইইউর চাপে ব্রিটেনের সার্বভৌমত্ব ছেড়ে দেওয়া সম্ভব নয়। একমাত্র ইইউ সেই দাবি ত্যাগ করলে ভালো চুক্তি হওয়া সম্ভব। একই দিনে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। —ডয়চেভেলে