বলিউড তারকা দীপিকা পাডুকোন অভিনয় দিয়ে মন জয় করেছেন পুরো বিশ্বের। কিন্তু অভিনয়ের চেয়ে এই তারকার হাসি যেন সবার বেশি প্রিয়। সেই হাসি এবার ঠাঁই পেয়েছে এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরের একটি প্রদর্শনীতে রাখা হয়েছে দীপিকার হাসিমুখের মূর্তি।
ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে মূর্তির ছবিটি। যাতে দেখা যাচ্ছে ধূসর রঙের পাথর দিয়ে মূর্তিটি তৈরি করা হয়েছে। হাসিমুখে শাড়ি পরে রয়েছেন অভিনেত্রী। প্রখ্যাত ডিজাইনার সব্যসাচীর পোশাক পরতে ভালোবাসেন দীপিকা। নিজের বিয়েতেও সব্যসাচীর ডিজাইন করা পোশাক পরেছিলেন তিনি। বিয়ের কিছুদিন আগেই সব্যসাচীর একটি অফ-হোয়াইট শাড়িতে সেজেছিলেন। মূর্তি দেখে মনে করা হচ্ছে সেই সাজের থেকেই অনুপ্রাণিত এই মূর্তিটি।
প্রদর্শনীর নাম ‘দ্য অথেনটিক স্মাইলস অফ পিপল অফ দ্য ওয়ার্ল্ড’। যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের হাসির সৌন্দর্য তুলে ধরা হয়েছে। দীপিকার পাশে যেমন গ্র্যামি জয়ী সংগীতশিল্পীর মূর্তি রয়েছে তেমনই আফ্রিকার কোনো প্রত্যন্ত এলাকার স্কুল শিক্ষকের হাসিমুখের মূর্তিও রাখা হয়েছে। ভারতের পক্ষ থেকে বলিউড সুন্দরীকেও বেছে নেওয়া হয়েছে। এমনিতেই নিজের টোল খাওয়া গালের হাসির জন্য সারাবিশ্বে খ্যাতি রয়েছে দীপিকার।