জেমিকে নিয়ে বাফুফের নতুন ভাবনা

স্পোর্টস রিপোর্টার

দুই দিন আগে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন জেমিকে দ্রুতই ঢাকায় এসে ঘরোয়া ফুটবল দেখার জন্য বলা হবে। বড়দিনের পর ঢাকার ফেরার কথা শোনা গেলেও গতকাল সেই খবর বদলে দিয়েছেন বাফুফের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা। জেমি ডে চাকরি হারাতে পারেন। নতুন কোচের ব্যাপারে বাফুফে চিন্তাভাবনা করছে। আনুষ্ঠানিকভাবে এখনো জেমিকে কিছু বলা হয়নি। তবে জেমির বিকল্প খোঁজা হচ্ছে বলে বাফুফের একজন নীতি নির্ধারকের কথা। বাফুফের সহসভাপতি আতাউর রহমান মানিক বললেন জেমিকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে বাফুফে নতুন কিছু ভাবছে।’ জাতীয় দলের ইংলিশ কোচ নিয়ে এমন কথা উঠল কি কারণে? তা জানতে চাইলে বাফুফের এই সহসভাপতি বললেন, ‘কোচ নিয়ে সালাহউদ্দিন ভাই চিন্তাভাবনা করছে। কারণ উনি (সভাপতি) কাতার বাংলাদেশ ম্যাচটা নিয়ে বিশ্লেষণ করেছেন। উনি মনে করছেন নতুন কোচ প্রয়োজন।’

২০২২ ফিফা কাতার বিশ্বকাপ বাছাইয়ে গত ৪ ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ৫-০ গোলে। কাতার শক্তিশালী ফুটবল দল। তাদের বিপক্ষে বাংলাদেশের ভরাডুবি সেই আশঙ্কা আগেই ছিল। তার পরও বাংলাদেশের ফুটবলারদের খেলা মনে ধরার মতো না। বাফুফের এই কর্মকর্তার কথায় মনে হচ্ছে, কোচ তার দলকে সঠিকভাবে খেলাতে পারেনি। কোচের সিদ্ধান্ত সঠিক ছিল না। ম্যাচের একাধিক গোল ধরে ধরে অসন্তুষ্টি প্রকাশ করলেন তিনি। বললেন, ‘বিশেষ করে তিন নম্বর গোলটা আমাদের নিজেদের দোষে হজম করতে হয়েছে। এ ধরনের গোল আশা করা যায় না।’

বাফুফের এই সহসভাপতি বললেন, ‘ফুটবল নিয়ে অনেক সমালোচনা হয়। এবার নির্বাচনের পর বাফুফে সভাপতি সবকিছু অন্যভাবে দেখছেন। উনি ডান বাম দেখেন না। এবার সালাহউদ্দিন ভাই হার্ডলাইনে আছেন। উনি (বাফুফে সভাপতি) নিজের পকেট হতে ২ আড়াই কোটি টাকা ফুটবলে ব্যয় করছেন। আর সমালোচনা শুনছেন মানুষের। ৩ অক্টোবরের নির্বাচনের পর বাফুফের বর্তমান কার্যক্রম নিয়ে সভাপতি সাহেব খুবই সজাগ।’ জেমিকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়েছে কি না এমন প্রশ্নে মানিক বলেন, ‘আনুষ্ঠানিকভাবে বলা হয়নি। সালাহউদ্দিন ভাই কাতার মাচের পর বিষয়টি নিয়ে ভাবছেন।’

 কোচ সংক্রান্ত বিষয়ে বাফুফের আরেক  সহসভাপতি এবং ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিলের সঙ্গে ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকেও ফোনে যোগাযোগ করলেও সাড়া পাওয়া যায়নি।