মাথায় আঘাত পেয়ে ছিটকে গেলেন গ্রিন

স্পোর্টস ডেস্ক

ছয় বছর আগে ফিল হিউজের আকস্মিক প্রয়াণের স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় অস্ট্রেলিয়ানদের। এই তো ১৪ দিন আগেও সিডনিতে ব্যক্তিগত ৬৩ রানের মাথায় প্রয়াত বন্ধুকে স্মরণ করেছিলেন ডেভিড ওয়ার্নার। ২০১৪ সালে ৬৩ রানেই মাথায় বলের আঘাতে নশ্বর পৃথিবী ছেড়েছিলেন হিউজ।

গত কয়েক দিনে সেই বিভীষিকা যেন আবারও ফিরে আসছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে। পাঁচ দিনের ব্যবধানে মাথায় আঘাত পেলেন দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ভারতীয় ‘এ’ দলের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন উইল পুকোভস্কি। গতকাল অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের নামও সেই তালিকায় যুক্ত হলো। সিডনিতে গতকাল ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ‘এ’ দলের হয়ে তিন দিনের দিবারাত্রির ম্যাচে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি।

ইনিংসের ৪৫তম ওভারে জাসপ্রিত বুমরাহর সজোরে হাঁকানো স্ট্রেইট ড্রাইভটি সোজা গিয়ে মাথায় লাগে বোলার গ্রিনের। আঘাত পেয়ে তাত্ক্ষণিকভাবেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্বাভাবিক বোধ না করায় কনকাশন বদলি হিসেবে তার পরিবর্তে প্যাট্রিক রোকে মাঠে নামায় অসি ‘এ’ দল।

ওয়ানডের পর ভারতের বিপক্ষেই টেস্টের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় ছিলেন গ্রিন। এর আগে ভারত ‘এ’ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি ও দুই উইকেট নিয়ে সেই দাবি জোরদারই করেন এই অলরাউন্ডার। কিন্তু ইনজুরির কারণে এখন সেটি অনিশ্চিত হয়ে পড়ল। তার সর্বশেষ অবস্থা নিয়ে অস্ট্রেলিয়ার দলীয় ডাক্তার পিপ ইনজে বলেন, ‘অস্ট্রেলিয়া এ দলের হয়ে বোলিং করতে গিয়ে হালকা কনকাশনে ভুগছিল গ্রিন। এটাই তার প্রথম কনকাশন। সে টিম হোটেলে ফিরে গেছে এবং ম্যাচের বাকি দুই দিন খেলবে। আমরা তাকে নজরে রাখছি এবং পরবর্তী সময়ে তার অবস্থা সম্পর্কে জানানো হবে।’