প্রতিবাদ ও বিক্ষোভে সমাবেশ অব্যাহত

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

ইত্তেফাক ডেস্ক

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে শুক্রবার বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর।

কাউখালী (পিরোজপুর) :সকালে কাউখালী উপজেলা সড়কে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের কাউখালী উপজেলা শাখার আহ্বায়ক সুব্রত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম আব্দুস শহীদ, কাউখালী উদীচীর সাধারণ সম্পাদক রবীন মুখোপাধ্যায়, কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকার প্রমুখ।

হাতিয়া (নোয়াখালী) :সকালে উপজেলা শহিদ মিনার চত্বরে হাতিয়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এ কে এম মানছুরুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক ব্রজগোপাল দাস, হাতিয়া প্রেস ক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার প্রমুখ।