ক্যান্টনমেন্ট বোর্ড মসজিদ উদ্বোধন করলেন সেনাপ্রধান

পুনর্নির্মিত ঢাকা সেনানিবাসস্থ ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদ (আল্লাহু মসজিদ) এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শুক্রবার ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদ (আল্লাহু মসজিদ) ১৯৭৪ সালের ২৩ মে নির্মিত হয়েছিল। এই মসজিদের পূর্বে ধারণক্ষমতা ছিল আনুমানিক ৯০০ জন মুসল্লি, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল। বিশেষ করে জুমার দিনে মসজিদসংলগ্ন রাস্তাটিতেও মুসল্লিদের নামাজ পড়তে হতো। বর্তমান ও ভবিষ্যতের প্রয়োজনের কথা চিন্তা করে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এই মসজিদ পুনর্নির্মাণের উদ্যোগ নেন।

উদ্বোধন শেষে সেনাবাহিনী প্রধান পুনর্নির্মিত ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদ (আল্লাহু মসজিদ) নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ ছাড়াও বিভিন্ন পদবির সেনাসদস্য ও স্থানীয় অসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। —আইএসপিআর