বিশ্ববিদ্যালয় রিপোর্টার
সেশনজট নিরসনে আগামী ২৬ ডিসেম্বর থেকে স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা শুরুর এ নির্দেশনা এসেছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের সেশনজট নিরসনে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলো হলো—বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের আবাসিক সুবিধা প্রদান করা সম্ভব হচ্ছে না বিধায় সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট নিজ নিজ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ ও উপস্থিতি নিশ্চিত করে বিভিন্ন পরীক্ষা নেবে, শিক্ষার্থীদের ইনকোর্স/মিডটার্ম/টিউটোরিয়াল পরীক্ষা অনলাইনে অ্যাসাইনমেন্ট/মৌখিক/টেকহোম পদ্ধতিতে এবং অগ্রাধিকার ভিত্তিতে অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী ২৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট পরীক্ষার সময় সূচি জানতে পারবেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকসহ অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যরা।