আলোচনাসভায় ন্যাপ নেতৃবৃন্দ
মুক্তিযুদ্ধে বিজয়ের ৪৯ বছরে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হলেও ধনী ও গরিবের বৈষম্য বেড়েছে। রাজনীতিতে নীতি, আদর্শ, সততা এবং মানবিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে। বৈষম্য রেখে উন্নয়নের স্লোগান দিয়ে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায় না। মুক্তিযুদ্ধের বাংলাদেশ লুটেরা, দুর্নীতিবাজ, কর্তৃত্ববাদীদের নয়। সাধারণ মানুষের প্রকৃত অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্রের চর্চা এবং সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখতে হবে। গতকাল ১১ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) আয়োজিত ‘মুক্তিযুদ্ধে বিজয়ের ৪৯ বছর’ শীর্ষক আলোচনাসভায় কেন্দ্রীয় ন্যাপ নেতৃবৃন্দ এসব কথা বলেন। ন্যাপ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন ন্যাপের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট এনামুল হক। সভা সঞ্চালনা করেন হাসান কমরুন । বক্তব্য রাখেন ন্যাপ নেতা অ্যাডভোকেট এম এ ওহাব, পরিতোষ দেবনাথ, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, নাসিমা হক রুবি প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি