‘ভারত মহাসাগরে কৌশলগত ঘাঁটির জন্য প্রতিযোগিতা বাড়ছে’

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, ভারত মহাসাগরে কৌশলগত ঘাঁটির জন্য প্রতিযোগিতা বাড়ছে। এ কারণে বর্তমানে ১২০টির বেশি বিদেশি যুদ্ধজাহাজের উপস্থিতি রয়েছে এই অঞ্চলে। বৈশ্বিক আগ্রহ বাড়তে থাকায় ভবিষ্যতে ভারত মহাসাগরীয় অঞ্চলে এ ধরনের প্রতিযোগিতা আরো বাড়বে। গতকাল শুক্রবার গ্লোবাল ডায়লগ সিকিউরিটি সামিটে এক ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

জেনারেল রাওয়াত বলেন, শক্ত প্রতিবেশীদের পাশে থেকে, বিশেষ করে ক্রমবর্ধমান প্রতিযোগিতা-মূলক অঞ্চলে থেকেই ভারতকে বড় বৈশ্বিক শক্তি হওয়ার আকাঙ্ক্ষা অর্জন করতে হবে। আমরা যদি শক্তিশালী ভারত চাই তবে শান্তিপূর্ণ ও স্থিতিশীল নিরাপত্তার পরিবেশ জরুরি। শান্তি, সমৃদ্ধি ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সমুদ্র যোগাযোগকে নিরাপদ করতে হবে।

তিনি বলেন, এই অঞ্চলের বেশিরভাগ দেশই অর্থনৈতিক স্বার্থে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করতে চাইছে। বিভিন্ন পরিকাঠামোও তৈরি করা হচ্ছে। গত কয়েক বছরে চীনের অর্থনীতি ও রাজনৈতিক প্রভাব আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। যা সবার দৃষ্টি নিবদ্ধ করেছে। ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে প্রায় সব দেশই নিজেদের উন্নয়নের স্বার্থে একে-অপরের ওপর প্রভাব বিস্তার করতে চাইছে।