হাজার বছরের পুরোনো হোটেলে থাকুন ৫০০ ডলারে!

হোটেলের বয়স হাজার বছরেরও বেশি। এই হোটেলটিতে এক রাত কাটাতে চাইলে খরচ করতে হবে প্রায় ৫০০ ডলার (প্রায় ৪২ হাজার টাকা)। বর্তমানে বিশ্বের প্রাচীনতম এবং সক্রিয় হোটেলটি আছে জাপানে। এটির নাম, ‘নিশিয়ামা ওনসেন কেইয়ুনকান’। ফুজিয়ামা পর্বতের কাছে পর্যটকদের প্রিয় গন্তব্যে এই হোটেলটি চলছে সেই ৭০৫ খ্রিষ্টাব্দ থেকে। একই পরিবারের ৫২টি প্রজন্ম পর্যায়ক্রমে হোটেলের ব্যবসা সামলেছে। এখনো চালু থাকা প্রাচীনতম হোটেলটি ২০১১ সালে স্বীকৃতি পেয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের।

আনন্দবাজার পত্রিকা জানায়, ১৩১৫ বছর আগে এই হোটেলের গোড়াপত্তন হয়েছিল ফুজিওয়ারা মাহিতোর হাতে। তার বাবা ছিলেন জাপানের ৩৮তম সম্রাট তেনজির ঘনিষ্ঠ সহযোগী। সময়ের দাবিতে হোটেলে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। তবে মূল কাঠামোতে এখনো প্রাচীন জাপানি সাজসজ্জার রীতি ধরে রাখা হয়েছে। সুপ্রাচীন এই হোটেলের মূল আকর্ষণ হলো উষ্ণ প্রস্রবণ। সামুরাই যোদ্ধা, প্রখ্যাত রাজনীতিকসহ বিভিন্ন ক্ষেত্রের বহু খ্যাতনামা ব্যক্তিত্ব প্রাচীনকাল থেকে এই হোটেলের আতিথ্য গ্রহণ করেছেন। অতিথিদের জন্য হোটেলে মোট ৩৭টি ঘর আছে। কয়েক বছর আগে এমন ব্যবস্থা করা হয়েছে যাতে প্রতি ঘরেই আলাদা করে উষ্ণ প্রস্রবণের পানির জোগান দেওয়া যায়। যেন অতিথিরা ‘হট স্প্রিং বাথ’-এর সুবিধা নিতে পারেন নিজেদের ঘরে থেকেই।