শপথ নেওয়ার আগেই নতুন মুকুট মাথায় গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট কমলা হ্যারিসের। জনপ্রিয় টাইম ম্যাগাজিনের পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হলেন তারা। খবর সিএনএন ও দ্য গার্ডিয়ানের
টাইম ম্যাগাজিন জানিয়েছে, যৌথভাবে জো বাইডেন ও কমলা হ্যারিস বর্ষসেরা পুরস্কার পেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে তারা সর্বোচ্চ ভোট পেয়েছেন। আট কোটি ১০ লাখ মানুষের ভোট তাদের ঝুলিতে গেছে। পাঁচটি ব্যাটলগ্রাউন্ড স্টেটসে তারা জয় পেয়েছেন এবং ট্রাম্পকে সাত লাখ ভোটের ব্যবধানে হারিয়েছেন।
টাইমস ম্যাগাজিনের অনলাইনে জানানো হয়েছে, এ বছরের পারসন অব দ্য ইয়ারের দৌড়ে বাইডেন ও হ্যারিস ছাড়া তালিকায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প, অ্যান্থনি ফাউচি ও তার মহামারি মোকাবিলার যোদ্ধারা। বর্ণবিদ্বেষবিরোধী আন্দোলনের নামও উঠেছিল। কিন্তু সবাইকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে জো বাইডেন এবং কমলা হ্যারিসের নাম। পাঠকদের ভোটে এ বছরের বর্ষসেরা হিসেবে এগিয়ে ছিলেন করোনা যোদ্ধারা। সেই হিসেবে গার্ডিয়ান অব দ্য ইয়ারের স্বীকৃতি পেয়েছেন ড. অ্যান্থনি ফাউচি ও তার করোনা যোদ্ধারা। চলতি বছরে বিজনেস পারসন অব দ্য ইয়ারের স্বীকৃতি পেয়েছেন অনলাইন প্ল্যাটফরম জুমের প্রধান কার্যনির্বাহী ইরিক ইউয়ান। এন্টারটেন্টমেন্ট অব দ্য ইয়ারের স্বীকৃতি পেয়েছেন পপ ব্যান্ড বিটিএস ও অয়াথলেট অব দ্য ইয়ার হয়েছেন বিশিষ্ট বাস্কেটবল তারকা লেব্রন জেমস। বাইডেন এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে দুইবার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। কমলা হ্যারিস আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন। গত বছর জলবায়ু আন্দোলনে নেতৃত্ব দেওয়া সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গকে পারসন অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করেছিল টাইমস ম্যাগাজিন।