ইরানের হামলার আশঙ্কা মধ্যপ্রাচ্যে সতর্কাবস্থায় মার্কিন সেনা

ইরান হামলা চালাতে পারে—এই আশঙ্কায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন মার্কিন সেনারা। মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তা সংবাদমাধ্যম পলিটিকোকে এই তথ্য জানিয়েছেন।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন উদ্বেগ জানিয়েছে, ইরাক ও আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করার সুযোগ নিতে পারে ইরানের মিলিশিয়ারা। বিশেষ করে, ইরাকে মিলিশিয়ারা হামলা চালাতে পারে বলে মার্কিন সেনা কর্মকর্তারা আশঙ্কা করছেন। সম্প্রতি ইরানপন্থি গ্রুপ ইরাকে রকেট হামলা চালিয়েছে। গত বছর পশ্চিম ইরাকের আয়ান আল আসাদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরানের মিলিশিয়ারা। এতে যুক্তরাষ্ট্রের শতাধিক সামরিক সদস্য মস্তিষ্কের সমস্যায় ভুগছেন। পেন্টাগন বৃহস্পতিবার জানিয়েছে, সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে তারা তাদের ঘাঁটি থেকে বার্কসডেলে বি-৫২ বোমারু বিমান উড়িয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরি ইউএসএস নিমিতজকে ফিরিয়ে এনেছে। ইউরোপ থেকে আরো যুদ্ধবিমানও আনা হয়েছে।