পিতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত চৌধুরী কামাল ইবনে ইউসুফ

লাখো মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে শহরের রাজেন্দ্র কলেজ ময়দানে জানাজা শেষে কমলাপুরের ময়েজ মঞ্জিলে পিতা চৌধুরী ইউসুফ আলী মোহন মিয়ার কবরের পাশে গতকাল বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফকে দাফন করা হয়। প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে দূর-দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। বেলা ৩টার দিকে চকবাজার জামে মসজিদের খতিব ও সামমুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা কামরুজ্জামানের ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় রাজেন্দ্র কলেজ মাঠ ছাড়িয়ে পার্শ্ববর্তী শেখ জামাল স্টেডিয়াম পর্যন্ত ছিল মুসল্লিদের ভিড়। পরে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।

জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য দেন মরহুমের জ্যেষ্ঠ কন্যা চৌধুরী নায়াব ইবনে ইউসুফ, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, শরিয়তপুরের বাহাদুরপুর দরবার শরিফের প্রতিনিধি হাফেজ মাওলানা মোহাম্মদ হানজেলা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ মোদাররেস আলী ঈসা, অধ্যাপক এ বি এম সাত্তার, জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুত তাওয়াব ও যুবদলের সহসভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু।

গত ৮ অক্টোবর ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ। এর আগে গত ১৯ নভেম্বর নিউমোনিয়াজনিত সমস্যায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।