রংপুরের তারাগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগে মূল আসামিসহ তিনজনকে গ্রেফতার করে অপহৃত ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এবং দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মূল ধর্ষক ও তিন সহযোগীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে। শুক্রবার রাতে এ বিষয়ে পৃথক দুটি মামলা হয়েছে।
এর আগে ভুক্তভোগী স্কুলছাত্রীদের অভিভাবকের লিখিত অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
অপহরণের অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন, মূল আসামি কৃষ্ণ রায় (২৫) পিতা বিজয় রায়, সহযোগী মিন্টু কুমার (৩০) পিতা-জগদিশ রায়, কাঞ্চন রায় (২৭) পিতা-সুশীল চন্দ্র রায়। সবার বাড়ি শেরমস্ত খিয়ারজুম্মা গ্রামে।
ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন, মূল আসামি মিঠুন শেখ (২৮) পিতা-মোজাহারুল ইসলাম, সহযোগিরা হলেন- নাসিম (২৫), নুরুজ্জামান (২৮), আলামিন (২৭)। তাদের সবাইকে নিজ নিজ বাড়ি দামোদুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মশিউর জানান, সহযোগীদের উপজেলার শেরমস্ত খিয়ারজুম্মা গ্রাম থেকে শুক্রবার আটকের পর তাদের দেয়া তথ্যমতে ওইদিন সন্ধ্যায় দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা থেকে মূল আসামি কৃষ্ণকে আটক করে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
মামলার অভিযোগে জানা গেছে,গত ৬ ডিসেম্বর তারাগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে সে অপহরণ হয়।
অপরদিকে, ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত শুকুর আলী জানান, গত সোমবার রাত ৯টায় সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে ১০ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার মূল আসামি ও তার সহযোগিদেরকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/কেকে