শ্রমিকের জীবনে সুখ নেই, শান্তি নেই ---- রাশেদ খান মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, শ্রমিকের জীবনে সুখ নেই, শান্তি নেই। নারী শ্রমিকরা পোশাক শিল্পের প্রাণ। অথচ এই নারী শ্রমিকদের নিরাপত্তা নেই। অধিকার বঞ্চিত এই শ্রমিকরাই শোষণের শিকার হয়ে মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছেন। গতকাল শুক্রবার সকালে আশুলিয়ায় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প ফেডারেশনের অষ্টম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, পোশাক শ্রমিকদের শ্রমের-ঘামে বাংলাদেশের পোশাকশিল্প বিশ্বের দ্বিতীয় স্থান দখল করেছে। ধর্মীয় জঙ্গিবাদিরা এই নারী শ্রমিকদের কটূক্তি করতে দ্বিধা করে না। তাদের প্রতি অসভ্য ও অশোভন বক্তব্য প্রদান করে। পোশাকশিল্পকে টেকসই উন্নয়ন করতে হলে শ্রমিকের জীবন মান উন্নতি করতে হবে। 

জাতীয় সম্মেলনের মাধ্যমে রফিকুল ইসলাম সুজনকে সভাপতি ও শফিকুল ইসলাম শামীমকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির ২৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।