ভারতে বলিউড অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার কলকাতার যোধপুর পার্কের একটি বহুতল ভবনের তিন তলার নিজের ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, শুক্রবার সকালে ঝুলবারান্দায় শেষ বার তাকে দেখা গিয়েছিল। সকাল ১০টা নাগাদ পরিচারিকা এসে ডাকাডাকি করেও তার সাড়া পাননি। ফোনও বেজে যায়। সন্দেহ হওয়ায় প্রতিবেশিদের খবর দেন তিনি। পরে পুলিশ এসে অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তের দাগ মিললেও দেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনো কিছু অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলার জন্য তার মৃত্যু হতে পারে। আরিয়া নেশাগ্রস্ত ছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরিয়া সেতার বাদক প্লিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের মেয়ে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশকে ওই পরিচারিকা জানিয়েছেন, ‘আরিয়া খুব একটা কথাবার্তা বলতেন না। বাড়িতে একটা কুকুর রয়েছে। তাকে নিয়েই কাটাতেন। ঘরেও বেশি লোকের যাতায়াত ছিল না। বৃহস্পতিবারও কথা হয়েছে ফোনে। সকাল ১০টায় এসে কলিংবেল বাজালাম। ফোন করলাম, তাও সাড়া পাইনি’। আরিয়ার জন্ম কলকাতাতেই। তার আসল নাম দেবদত্তা বন্দ্যোপাধ্যায়, পরে আরিয়া নামেই পরিচিতি পান। দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘লাভ সেক্স অউর ধোকা’ দিয়ে বলিউডে হাতেখড়ি তার। ‘ডার্টি পিকচার’ এ অভিনয় করেও খ্যাতি পান। -আনন্দবাজার পত্রিকা