রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে প্রকাশ্যে ধূমপানের অভিযোগে গত ৬ ডিসেম্বর এক তরুণীকে হেনস্তার প্রতিবাদে গতকাল প্রকাশ্যে গণধূমপানের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ১০-১১ জন তরুণ-তরুণী নগরীর সিএন্ডবি মোড়ের একই স্থানে অবস্থান নেন এবং সবাই সিগারেট ধরিয়ে ধূমপান শুরু করেন।
এদিকে প্রকাশ্যে তাদের এভাবে ধূমপানের পালটা প্রতিবাদ করেন এলাকার একদল যুবক। তারা ধূমপায়ী তরুণ-তরুণীদের বলেন, এভাবে প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান ঠিক নয়। এর মাধ্যমে আপনারা এলাকার পরিবেশ নষ্ট করছেন। এ সময় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সেখানে ছুটে যান। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। তরুণীকে হেনস্তার প্রতিবাদীদের মধ্যে অনু, পারিজাত, মাইশা, মরিয়ম, সুস্মিতা, মিরা, আব্দুল্লাহ প্রমুখ জানান, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু একটি মেয়ে ধূমপান করায় তাকে হেনস্তা করা হলো কেন? একটি যুবক যদি ধূমপান করতে পারে, তাহলে কোনো মেয়েও ধূমপান করতে পারবে। তারা প্রকাশ্যে ধূমপান করে ঐ নারীকে হেনস্তার প্রতিবাদ জানাচ্ছে, কাউকে ধূমপানে উত্সাহিত করার উদ্দেশ্যে নয়।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর এক তরুণী ঐ এলাকায় তার প্রেমিকের সঙ্গে সিএন্ডবি মোড়ে ধূমপান করলে স্থানীয়রা ঐ তরুণীকে হেনস্তা করে। পরে ঐ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।