স্বপ্নের পদ্মা সেতু দেখতে গতকাল শুক্রবার ছুটির দিন হওয়ায় দর্শনার্থীরা ভিড় জমায়। পদ্মা সেতুর ৪১তম স্প্যান বৃহস্পতিবার স্থাপনের পর থেকেই দর্শনার্থীরা ভিড় করে। তবে শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় ভিড় ছিল অনেক বেশি। দূর-দূরান্ত থেকে সেতু দেখতে বিভিন্ন বয়সের নারী-পুরুষ বিশেষ করে অনেকেই পরিবার-পরিজন নিয়ে মাওয়া প্রান্তে ছুটে আসেন।
ঢাকায় বসবাসকারী ব্যবসায়ী বরিশালের মো. আকবর হোসেন পদ্মা সেতু দেখতে গতকাল সকালেই ছুটে আসেন মাওয়া প্রান্তে। তিনি বলেন, পদ্মা সেতু চালু হলে দ্রুত বরিশালে বাড়ি যাওয়া ছাড়াও অর্থ এবং সময় দুটিই সাশ্রয় হবে। এছাড়া বরিশাল জেলায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে এবং অর্থনৈতিকভাবে দেশ সমৃদ্ধ হবে। লৌহজংয়ের মো. জাকির হোসেন পরিবারপরিজন নিয়ে পদ্মা সেতু দেখতে মাওয়ায় ছুটে আসেন। তিনি বলেন, এই সেতু চালু হলে শুধু এ অঞ্চলই নয়, পুরো দেশ উন্নত হবে। এমন অসংখ্য দর্শনার্থী মাওয়া পাড়ে ভিড় জমায়। বেশির ভাগই পরিবারপরিজন নিয়ে ঘুরতে আসেন এবং সকলকেই আনন্দে উদ্বেলিত দেখা যায়। শীত এবং ঘন কুয়াশার মধ্যেই দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। কবে পদ্মা সেতুর ওপর দিয়ে যান চলাচল শুরু হবে সকলেই রয়েছে সেই অপেক্ষা।