ক্ষমতা থাকলে অনাস্থা এনে আমাকে সরান

সময়ের আগেই সাধারণ নির্বাচন চেয়ে চলতি মাসের শেষে আইনসভা থেকে একযোগে পদত্যাগের হুমকি দিয়েছিল পাকিস্তানের বিরোধী জোট। এই অবস্থায় বিরোধী জোটকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ক্ষমতা থাকলে অনাস্থা এনে তাকে গদি থেকে সরানো হোক। 

ইমরান খান বুধবার সাংবাদিকদের সঙ্গে এক বৈঠককালে বলেন, দেশকে একাধিক সংকট থেকে বের করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করে যাবেন। এ জন্য তিনি চেষ্টার কোনো ত্রুটি করবেন না। এ লক্ষ্যে রাজনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। 

ইমরান খান বলেন, কেউ জোর করে তার সরকারকে পদত্যাগে বাধ্য করবে তা হবে না। তাকে সরাতে হলে তার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হবে। গত কয়েক মাস ধরে ঘরে-বাইরে চাপের মুখে রয়েছে ইমরান খান সরকার।  ভারতসহ একাধিক প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়া, অর্থনীতির বেহাল দশার পাশাপাশি জঙ্গিদের সামলাতে সরকারের ব্যর্থতায় যুক্তরাষ্ট্রও তাদের প্রতি নেতিবাচক দৃষ্টি দিয়ে আছে। তদুপরি দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে পুঁজি করে ইমরান খান সরকারকে চাপের মুখে রেখেছে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগসহ (এন) অন্য বিরোধীরা। 

গোড়ায় বিষয়টিকে গুরুত্ব না দিলেও গত কয়েক মাসে ক্রমশ একজোট হয়েছে বিরোধীরা। কয়েক দিন আগে ১১টি বিরোধী দলের জোটের পিএমএল (এন) নেত্রী তথা নওয়াজকন্যা মরিয়ম জানিয়েছেন, এ মাসের শেষে বিরোধী প্রতিনিধিরা আইনসভা থেকে একযোগে পদত্যাগ করবেন। এর জবাবেই ইমরান খান ঐদিন বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত কোনো সরকারকে ফেলার সাংবিধানিক পথ হলো অনাস্থা প্রস্তাব আনা। পারলে বিরোধী দল সেই ব্যবস্থাই করুক।