বরগুনার পাথরঘাটা উপজেলার জাতীয় শ্রমিক লীগ কাঠালতলী ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক মো. ইব্রাহিমের (৩০) ভাসমান মরদেহ তিন দিন পর গতকাল শুক্রবার দুপুরে দক্ষিণ কাঠালতলী ভালুকের চরদুয়ানী স্লুইজগেট সংলগ্ন খাল থেকে উদ্ধার করা হয়েছে। ইব্রাহিম গত মঙ্গলবার রাতে নিজ বাসা সংলগ্ন স্লুইজগেটে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। পানিতে ডুবে মারা গেছে এমন ধারণা করে স্থানীয় চেয়ারম্যানসহ পাথরঘাটার ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালালেও ইব্রাহিমের সন্ধান মিলছিল না।
শুক্রবার দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা স্লুইজগেটের উত্তর দিকে জনৈক শাহনাজ পারভীনের বাড়ির পিছনের খাল থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। এ সময় তার মাথার ওপরের দিকে দুটো দায়ের কোপের জখম দেখতে পাওয়া যায়।
পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ শাহাব উদ্দিন জানান, উদ্ধার হওয়া ইব্রাহিমের মরদেহে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/কেকে