ইউরোপীয় ইউনিয়নের ভুয়া তথ্য সংক্রান্ত এক গবেষণা রিপোর্ট তুলে ধরে পাকিস্তান অভিযোগ করেছে যে ভারত ভুয়া তথ্য ছড়াচ্ছে । পাকিস্তানের এই অভিযোগ উড়িয়ে দিয়ে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে ভুয়া তথ্য ও খবর ছড়ানোর সেরা উদাহরণ হলো পাকিস্তান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আগেই ভারতের বিরুদ্ধে ভুটা সংবাদ সংস্থার সাহায্যে মিথ্যে খবর ছড়ানোর অভিযোগ এনেছিলেন। এই নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ভুয়া তথ্য সংক্রান্ত এক গবেষণা রিপোর্ট তুলে ধরে দিল্লিকে কাঠগড়ায় তোলেন তিনি। একই ধরনের অভিযোগ করেছিলেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিও। এ সমস্ত অভিযোগ শুক্রবার উড়িয়ে দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব।
অনুরাগ শ্রীবাস্তব বলেন, সত্যি বলতে কী, আপনারা যদি ভুয়া তথ্যের কথাই বলেন, এর সেরা উদাহরণ হল প্রতিবেশী দেশটি। তারা নিয়মিত রং চড়ানো সব তথ্য আর ভুয়া খবর ছড়িয়েই চলেছে।
শ্রীবাস্তব আরো বলেন, ভুয়া তথ্য ছড়ানোর কাজ তারাই করে যারা ওসামা বিন লাদেনকে লুকিয়ে রাখে। কিংবা ২৬/১১ মুম্বই হামলার চক্রান্তকারী হিসেবে নিজেদের ভূমিকা সকলের আড়ালে রাখতে চায়।
ইত্তেফাক/এআর