সত্য ভুলে গেছেন ওবায়দুল কাদের: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগ সাধরণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করেছেন। অসুস্থতার কারণে দুই মাস চিকিৎসা শেষে আজ শনিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এসে সংবাদ সম্মেলন করেন তিনি।

তিনি সরকারের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর নিয়ন্ত্রণ আরোপের অভিযোগ তোলার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পূর্ণ মুক্তির দাবি জানান।

রিজভী বলেন, র্যা ব-পুলিশ পরিবেষ্টিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিয়ম করে প্রতিদিন একটি করে সংবাদ সম্মেলন করেন। আর সেই সংবাদ সম্মেলনের একটাই বিষয় বিএনপির বিরুদ্ধে আজগুবি, কল্পিত সব মিথ্যাচার ও কুৎসা উদগীরণ করা।

তিনি বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনে বিএনপির যে অবদান আছে, সেটি আওয়ামী লীগের নেই। সেই অনুশোচনায় কাদের সাহেবরা ফ্যাসিবাদ কায়েম করে বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে নিশিদিন অশ্রাব মিথ্যাচারে লিপ্ত রয়েছে। মিথ্যা বলতে বলতে সত্য ভুলে গেছেন তিনি। জনগণ তার কথা শুনলে টিভির চ্যানেল বদলে দেয়।

ইত্তেফাক/টিআর