আজ থেকে 'চ্যানেল ২৪'-এর পর্দায় নাভিদ মাহবুবের সঞ্চালনায় প্রচারিত হতে যাচ্ছে 'ভিন্নরূপে পুরুষ-রান্না উৎসব ২০২০'। আজ থেকে টানা তিন দিন সন্ধ্যা ৫.৪৫ মিনিটে প্রচারিত হতে যাওয়া এ টকশোতে অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় অভিনেতা ও গুণী শিল্পী ফজলুর রহমান বাবু এবং অ্যাকশনএইড ইন্টারন্যাশনালের পাওয়ার প্রজেক্ট-এর সাউথ এশিয়া কো-অর্ডিনেটর মো. হেলাল উদ্দিন।
একজন নারী প্রতিদিন গড়ে ৮ ঘণ্টা গৃহস্থালির কাজে ব্যয় করেন, যার আনুমানিক বার্ষিক মূল্য জিডিপির প্রায় ৭৭ শতাংশের সমপরিমাণ। অর্থনীতিতে নারীর এ অবদান বরাবরই রয়ে যাচ্ছে হিসেবের বাইরে, যা যুক্ত হলে জাতীয় উৎপাদনে নারীর অবদান ২৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়াবে ৪০ শতাংশে। এদিকে আমাদের সমাজের প্রচলিত ধারণা হলো, ঘরের কাজ একান্ত নারীদেরই এবং তাদেরকেই করতে হবে। বিদ্যমান পুরুষতান্ত্রিক মানসিকতার বিপরীতে কোন কোন পুরুষ নিয়মিতভাবে গৃহস্থালির সেবামূলক কাজ করে যাচ্ছেন। পুরুষদের এই ভিন্নরূপ সমাজের সামনে তুলে ধরে তাদেরকে রোল মডেল হিসেবে উপস্থাপন করে অন্য পুরুষদের উৎসাহিত করা, গৃহস্থালির কাজের স্বীকৃতি প্রদান ও কাজসমূহ ভাগ করে নেয়া ও নারীদের উপর এ কাজের বৈষম্যমূলক চাপ কমিয়ে আনার উদ্দেশ্যে অ্যাকশনএইড বাংলাদেশ ২০১৭ সাল থেকে প্রতিবছর গাইবান্ধা ও লালমনিরহাটে এবং ২০১৯ সাল থেকে দিনাজপুর জেলার উপজেলা পর্যায়ে পুরুষদের রান্নার উৎসব আয়োজন করে আসছে।
সেই ধারাবাহিকতায় এ বছর আয়োজন করা হচ্ছে 'ভিন্নরূপে পুরুষ- রান্না উৎসব ২০২০'।
ইত্তেফাক/জেডএইচডি