শুটিং করতে গিয়ে আবারো করোনায় আক্রান্ত হচ্ছেন তারকারা। অদৃশ্য এই ভাইরাস কোথায় থেকে ছড়ায় তা বলা যায় না। তবে তারকাদের চলাফেরায় ধারণা করা হচ্ছে শুটিং থেকেই ছড়িয়ে পড়ছে করোনা। এবারে আক্রান্ত হলেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে বাসাতেই আইসোলেশনে আছেন বলে নিশ্চিত করেছেন বিষয়টি। নুসরাত ফরিয়া বলেন, ‘আমি এখন ভালো আছি। অন্য কোন সমস্যা নেই। অন্য খারাপ কোনো উপসর্গ নেই। বাসাতেই আইসোলেশনে আছি আপাতত।’ শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবু’ নামের একটি ওয়েব ফিল্মে শুটিং করতে গিয়ে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করছেন এই অভিনেত্রী। কেননা এই ওয়েব ফিল্মের পরিচালক নিজেও আক্রান্ত হয়েছেন করোনায়।
আরিফিন শুভ
করোনায় আক্রান্ত হয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। গতকাল তার পজিটিভ রিপোর্ট এসেছে। আপাতত বাসাতেই আছেন এই অভিনেতা। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা আরিফিন শুভ নিজেই এক ভিডিও বার্তায় এই কথা জানিয়েছেন। সেখানে তিনি বলেন, ‘দীর্ঘ ৯ মাস যুদ্ধ করার পরে ফাইনালি হয়েই গেল। গতকাল রাতে আমার করোনার রিপোর্ট এসেছে। সেটা পজিটিভ। আমি অফিসিয়ালি জানাচ্ছি যে, একদমই ঠিক আছি কিন্তু কোনো গন্ধ পাচ্ছি না খাবারে। তবে বাকি সব ঠিক আছে, খুব একটা সমস্যা হচ্ছে না। আমি আমার বাড়িতে পুরোপুরি বিশ্রামে আছি। আশা করছি দ্রত সুস্থ হয়ে আবার কাজে ফিরবো। চিকিত্সক বলে দিয়েছেন যে, আমি দ্রুতই সুস্থ হয়ে উঠবো।’ আরিফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। বঙ্গবন্ধুর বায়োপিকটির কাজ আপাতত করোনার কারণে আটকে রয়েছে। এই সিনেমায় শুভকে দেখা যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে।