সময়ের আলোচিত অভিনেত্রী বিয়ারা আদভানি। খুব অল্প সময়ে নিজের মেধা আর অভিনয়গুণে বলিউডে নিজের পোক্ত আসন গড়ে তুলেছেন এই তারকা। এরইমধ্যে পরিচালক-প্রযোজকদের কাছে ভরসার একটি জায়গায়ও তৈরি করে ফেলেছেন। একের পর এক ভিন্ন চরিত্রে অভিনয় করে ভাঙছেন নিজেকে। এবার বলিপাড়ায় গুঞ্জন রটেছে ‘কৃষ ৪’ সিনেমায় ‘সুপারহিরোইন’ হয়ে পর্দায় আসছেন এই অভিনেত্রী। তা-ও আবার বলিউডের প্রথম ‘সুপারহিরো’ হিসেবে পর্দায় হাজির হওয়া হূত্বিক রোশনের সঙ্গে জুটি বেঁধে। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, নারী চরিত্রের সুপারহিরোর জন্য অভিনেত্রীর সন্ধান শুরু করেছেন পরিচালক রাকেশ রোশন। আপাতত ছবির নায়িকা হিসেবে তার পছন্দের তালিকায় রয়েছেন কিয়ারা আদভানি। ব্যাটে-বলে মিলে গেলে কিয়ারাকে দেখা যাবে হূতিকের বিপরীতে। সিনেমাটির পরিচালক ও প্রযোজক রাকেশ রোশন বলেন, ‘আমরা এখনো স্ক্রিপ্ট নিয়ে কাজ করে যাচ্ছি। তাই সিনেমাটি নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাচ্ছি না। সময় হলে সবাই সব জানতে পারবেন। তবে বেশকিছু চমক থাকছে সিনেমাটিতে।’ পরিচালকের এমন কথায় কিয়ারা ভক্তরা আশায় বুক বাঁধতেই পারেন। এ প্রসঙ্গে কিয়ারা বলেন, ‘এখনো আমি সিনেমাটি নিয়ে তেমন কিছু জানি না। তবে এমন একটি কাজ নিঃসন্দেহে আমার ক্যারিয়ারের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে। কারণ হূত্বিক রোশন চলচ্চিত্রে প্রথম কোনো সুপারহিরো চরিত্রে অভিনয় করা নায়ক তিনি। কৃষ সিনেমার আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। সিনেমাটিতে কাজের সুযোগ পেলে সেরাটা দেওয়া চেষ্টা করবো।’