বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ীসহ চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো কয়েক জন। শনিবার এসব সড়ক দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
নাটোর :নাটোর-ঢাকা মহাসড়কের নাটোর সদরের গাজির বিল এলাকায় সকালে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী নামের এক লরি চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন লরির হেলপার এবং বাসের এক যাত্রী। হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজোয়ান আহমেদ জানান, একটি যাত্রীবাহী বাস রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে গাজীর বিলের মহাসড়কের বনপাড়ার দিক থেকে আগত বৈদ্যুতিক পিলারবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় লরির চালক মোহাম্মদ আলীর লরির চাপা পড়ে মৃত্যু হয়।
বামনা (বরগুনা) : বামনায় সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুই জন। ডৌয়াতলা কাকচিড়া সড়কের ডৌয়াতলা বাজারের দক্ষিণ পাশে গ্রামীণ টাওয়ারের কাছে গাছের সঙ্গে ধাক্কা খায় মোটরসাইকেলটি। এ সময় চালক রিফাত মারা যান। মোটরসাইকেল আরোহী সিফাত ও সাওন গুরুতর আহত হন। বামনা থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, পরিবারের আপত্তি না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের ব্যবস্থা করা হয়েছে।
গাংনী (মেহেরপুর) :উপজেলার গজারিয়া হেমায়েতপুর গ্রামে ভোরে শ্যালোইঞ্জিনচালিত ট্রলি পুকুরে উলটে চালক রুহল আমীন মারা গেছেন। তিনি উপজেলার শিশিরপাড়া গ্রামের মৃত ইসারত আলীর ছেলে। গাংনী-হাটবোলিয়া সড়কের গজারিয়া হেমায়েতপুর জামে মসজিদের অদূরে পুকুরের পানিতে ট্রলি উল্টে যায়। এসময় রুহুল আমীন ট্রলির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে।
ঈশ্বরদী (পাবনা) :ঈশ্বরদীতে দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কে মুন্নার মোড় নামক স্থানে দুপুরে বাসের ধাক্কায় টেম্পো যাত্রীর মৃত্যু হয়েছে। আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মাছ ব্যবসায়ী রুবেল প্রামাণিক উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল ক্লাবমোড়ের মৃত আহম্মদ প্রামাণিকের ছেলে। পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ জানান, ঘাতক বাসটি নাটোর থেকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।