১৯৭১ সালের ১৩ ডিসেম্বর টাঙ্গাইলের মির্জাপুর ও বগুড়ার নন্দীগ্রাম হানাদার মুক্ত হয়েছিল। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
মির্জাপুর (টাঙ্গাইল) :১৯৭১ সালের এই দিনে টাঙ্গাইলের মির্জাপুর হানাদার মুক্ত হয়। দীর্ঘ আট মাস ১০ দিন সম্মুখ যুদ্ধের পর দামাল ছেলেরা পাকহানাদার বাহিনীর হাত থেকে মির্জাপুরকে মুক্ত করে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু বলেন, ১২ ডিসেম্বর রাতে বীর মুক্তিযোদ্ধারা মির্জাপুরের বংশাই, লৌহজং নদীর দুই পাশ ও চতুর্দিকে পাকসেনাদের ঘিরে ফেলে। শুরু হয় তুমুল সম্মুখ যুদ্ধ। ১৩ ডিসেম্বর মুক্ত হয় মির্জাপুর। শহিদদের গণকবর চিহ্নিতসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।
নন্দীগ্রাম (বগুড়া) :১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধারা পাক-হানাদার বাহিনীকে পরাজিত করে বগুড়ার নন্দীগ্রামে স্বাধীনতার বিজয় পতাকা উত্তোলন করেছিলেন।
১২ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা থানা আক্রমণ চালিয়ে প্রায় ২০০ পাকসেনা রাজাকারদের সঙ্গে লড়াই করে। সেই যুদ্ধে ৮০ জন রাজাকার আটকসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে। নন্দীগ্রামে সবচেয়ে স্মরণীয় ঘটনা ঘটে ডাকনীতলায়, সেখানে পাকসেনা রাজাকারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের জীবন মরণ যুদ্ধ হয়। ১৩ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পাকহানাদার ও রাজাকারদের হটিয়ে নন্দীগ্রাম হানাদার মুক্ত করে স্বাধীনতার বিজয় পতাকা উত্তোলন করে।